ভাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
এ. টি. এম. ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় সোহাগ শিকদার (৩০) নামে এক যুবককে আটক করা হয়। আটক সোহাগ উপজেলার ঘারুয়া গ্রামের কাসেম শিকদারের ছেলে।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযান চলাকালে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ভবিষ্যতে এ ধরনের অপরাধে আর জড়িত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার করেন।
উক্ত মামলায় প্রসিকিউশন দাখিল করেন ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল করিম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে প্রশাসনের 'জিরো টলারেন্স' নীতি বজায় থাকবে।
এ.আই.এল/সকালবেলা