নিষেধাজ্ঞায় বরফকল খোলায় মালিকের জেল-জরিমানা
আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও লাইসেন্স ছাড়া বরফকল খোলা রাখার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (৮ মে) দুপুরে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক উপজেলার ধোলাই মার্কেটে অবস্থিত ‘ফাহিম মিনি আইস প্ল্যান্ট’-এ এই অভিযান চালান। এ সময় সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন লাইসেন্সবিহীন বরফকল পরিচালনার প্রমাণ পাওয়া যায়। মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ অনুযায়ী বরফকল মালিক হারুন অর রশিদকে (৪৯) এই দণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, সমুদ্রে মৎস্য আহরণ বন্ধের নির্দেশ কার্যকর রাখতে এই অভিযান চালানো হয়েছে। সরকারের ঘোষিত অবরোধ সফল করতে এবং মৎস্য সম্পদ সংরক্ষণে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা