"বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ": মোংলায় সুন্দরবন দিবস পালন

"বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ": মোংলায় সুন্দরবন দিবস পালন

মোঃ কারিমুল ইসলাম, মোংলা প্রতিনিধি: "বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ"—এই স্লোগানকে সামনে রেখে মোংলায় বর্ণাঢ্য আয়োজনে সুন্দরবন দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা 'রুপান্তর'-এর সুন্দরবন প্রকল্পের আওতায় 'ইয়ুথ ফর সুন্দরবন'-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

দিবসটি উপলক্ষে মোংলা মেরিন ড্রাইভ সড়কের পেটুক বাঙালি রেস্তোরাঁ প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি, মানববন্ধন, আলোকচিত্র প্রদর্শনী ও অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দরবন শুধু আমাদের গর্ব নয়, এটি লাখো মানুষের জীবিকার উৎস এবং প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে ঢাল। কিন্তু বর্তমানে প্লাস্টিক দূষণ ও মানুষের হঠকারী কর্মকাণ্ডে এই বিশ্ব ঐতিহ্য অস্তিত্ব সংকটে পড়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলী। তিনি বলেন, "সুন্দরবন ও নদীতে প্লাস্টিক-পলিথিন ফেলা বন্ধ করতে হবে। পর্যটকদের সচেতন করার পাশাপাশি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের 'থ্রি-আর' (Reduce, Reuse, Recycle) পদ্ধতি অনুসরণ করতে হবে।" তিনি পৌরবাসীকে যত্রতত্র ময়লা না ফেলে ডাস্টবিন ব্যবহারের আহ্বান জানান।

খন্দকার জিলানী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোংলা থানা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার এবং সাবেক পৌর কমিশনার মো. খোরশেদ আলম। মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়ুথ ফর সুন্দরবনের সদস্য শাহিন খলিফা, রহমত হোসেন, রবিউল ইসলাম এবং মানবাধিকার কর্মী মো. কারিমুল ইসলাম।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে সম্মিলিতভাবে অঙ্গীকার করেন—"নদীতে প্লাস্টিক-পলিথিন ফেলব না, পরিবেশ ও দেশ ধ্বংস করব না।" তারা উপকূলীয় পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন