হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী সংগঠন, নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের
নিউজ ডেস্ক: নোয়াখালীতে অনুষ্ঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ থেকে ‘হেজবুত তাওহীদ’-কে কালো তালিকাভুক্ত করে অবিলম্বে নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। সমাবেশে বক্তারা সংগঠনটিকে বিভ্রান্তিকর ও জঙ্গি ভাবাপন্ন আখ্যা দিয়ে এর বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।
শনিবার (১ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশ, জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী-লক্ষ্মীপুর এবং ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এই ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, হেজবুত তাওহীদ মূলত জনসেবামূলক কাজের ছদ্মবেশে বিভ্রান্তিকর মতাদর্শ ছড়িয়ে সাধারণ মুসলমানদের ঈমান ও আকিদা ক্ষতিগ্রস্ত করছে। সংগঠনটির এসব কর্মকাণ্ড দেশের ধর্মীয় সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা এবং জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে উল্লেখ করে তিনি দ্রুত সরকারিভাবে এটি নিষিদ্ধের দাবি জানান।
মহাসমাবেশের দুই অধিবেশনে যথাক্রমে সভাপতিত্ব করেন জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়ার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান এবং হেফাজতে ইসলাম নোয়াখালী জেলার আমির মাওলানা নিজাম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি মুঈনুদ্দিন তৈয়বপুরী ও মাওলানা মহিউদ্দিন।
সমাবেশে অনন্যদের মধ্যে বক্তব্য দেন জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কুরাইশী, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির আল্লামা আব্দুল হামিদ মধুপুরী, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার মহাপরিচালক মুফতি আরশাদ রহমানী, জামেয়া ওবায়দিয়া নানুপুরের মুহতামিম আল্লামা সালাউদ্দিন নানুপুরী, মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব শায়খ সাজিদুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম। এছাড়া নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ ও ব্যবসায়ী নেতা মো. ইকরাম উল্লাহ ডিপটিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে সংহতি প্রকাশ করেন।
সমাবেশ থেকে সরকারের কাছে হেজবুত তাওহীদকে দ্রুত নিষিদ্ধ করা, তাদের সব ধরনের প্রকাশনা ও ওয়েবসাইট বন্ধ করা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যাংক হিসাব জব্দ করা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে সংগঠনটির দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানানো হয়। দাবি আদায়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি, স্মারকলিপি প্রদান এবং জেলা-উপজেলা পর্যায়ে ধারাবাহিক সেমিনার ও সচেতনতামূলক সভার ঘোষণা দেওয়া হয়।