অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ণ
অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় অ্যালকোহল জাতীয় বিষাক্ত তরল পান করে নারীসহ পাঁচজনের করুণ মৃত্যু হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার পৃথক সময়ে তাঁরা মারা যান। খবর পেয়ে পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন—লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের সুদেব দাস (৬০), সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২), তাঁর স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে মোড়াকরি বাজারের ‘হ্যানিম্যান হোমিও হল’ নামের এক দোকান থেকে অ্যালকোহল জাতীয় তরল কিনে পান করেন তাঁরা। এর পরপরই বিষক্রিয়ায় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে বুধবার ও বৃহস্পতিবার চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়ার পথে এবং নিজ বাড়িতে একে একে তাঁদের মৃত্যু হয়।

তবে ঘটনার পর আইনি ঝামেলা এড়াতে নিহতদের পরিবার পুলিশকে না জানিয়েই কয়েকটি লাশ দাহ করে ফেলে। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে নিহত সুদেব দাসের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রথমে গোপন রাখা হয়েছিল। পুলিশ ইতোমধ্যে সুদেব দাসের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে। বিষাক্ত তরল দ্রব্যের প্রকৃত উৎস, দোকানটির বৈধতা এবং এ ঘটনার পেছনে অন্য কেউ জড়িত রয়েছে কি না—তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

এআইএল/আমার দেশ

মন্তব্য করুন