টুঙ্গিপাড়ায় '৩৬ জুলাই' তোরণে আগুনের অভিযোগ

প্রকাশ: রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় '৩৬ জুলাই' তোরণে আগুনের অভিযোগ

হেলাল মুন্সী (গোপালগঞ্জ): জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত স্মারক তোরণে তোরণের নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটের দক্ষিণ পাশে ‘৩৬-জুলাই’ স্মরণে তোরণটি নির্মাণ করা হয়। এতে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে বিভিন্ন স্মারক বার্তা যুক্ত ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর অজ্ঞাত দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দিয়ে দ্রুত সটকে পড়ে। এতে তোরণের নিচের অংশ আংশিক পুড়ে যায়। পরে আশপাশের মানুষ এসে আগুন দেখতে পান এবং তা ছড়িয়ে পড়ার আগেই ক্ষয়ক্ষতি কিছুটা সামাল দেন। তবে কে বা কারা এই নাশকতার সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

হঠাৎ ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্মারক তোরণটির নিরাপত্তা ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন