ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: অতীতে ঘটে যাওয়া নানা অনিয়ম ও দুর্নীতির পুনরাবৃত্তি রোধে সবাইকে সজাগ ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) কুষ্টিয়া পৌরসভা প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এমপি আমির হামজা উন্নয়ন প্রকল্প ও সরকারি বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, জনগণের অর্থ কেবল জনগণের কল্যাণেই ব্যয় হতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যাতে দুর্নীতির সুযোগ নিতে না পারে, সেজন্য কঠোর নজরদারি রাখা হবে এবং অনিয়মের অভিযোগ এলে তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে। রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, বিরোধী দলে থাকায় অনেক ক্ষেত্রে শতভাগ ব্যবস্থা নেওয়া কঠিন হচ্ছে, তবুও অন্যায়ের বিরুদ্ধে তাঁর অবস্থান অপরিবর্তিত থাকবে।
পৌরসভার সমস্যা সমাধানে সংসদ সদস্য কঠোর নির্দেশনা প্রদান করেন। সভায় যানজট, পানি সংকট, মশার উপদ্রব ও ড্রেনেজ সমস্যাসহ ১৫টি জনগুরুত্বপূর্ণ ইস্যু দ্রুত সমাধানের জন্য কর্মকর্তাদের এক সপ্তাহ সময় বেঁধে দেন তিনি। বিশেষ করে ড্রেনে ময়লা ফেলে জলাবদ্ধতা সৃষ্টির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও জরিমানা আরোপের আহ্বান জানান এমপি। তিনি মনে করেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় কুষ্টিয়া পৌরসভাকে একটি আধুনিক ও সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ