নিজের মেয়েকে উত্ত্যক্তের অভিযোগে বাবাকে বেত্রাঘাত
মো: ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে নিজের ১৮ বছর বয়সী মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রাম্য সালিশে ৩৩ বেত্রাঘাত, গলায় জুতার মালা পরানো এবং নাকে খত দেওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) রাত সোয়া ৯টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের জিরুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর আব্দুল লতিফ (৪২) গত প্রায় দুই বছর ধরে নিজ মেয়েকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে ভুক্তভোগী তরুণী বিষয়টি তাঁর চাচা ও স্বজনদের জানান। পরে মঙ্গলবার রাতে সেনবাগ উপজেলা জামায়াত নেতা মাওলানা হানিফ ও ডুমুরুয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক টিটুর নেতৃত্বে ভিকটিমের বাড়িতে একটি গ্রাম্য সালিশি বৈঠক বসে। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তকে ৩৩টি বেত্রাঘাত, জুতার মালা পরানো ও নাকে খত দেওয়া হয়।
ডুমুরুয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক টিটু বলেন, "মেয়ের লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে তাঁর বাবাকে ডেকে আনা হয়েছিল। দুই পক্ষের কথা শুনে ৫-৬ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয় এবং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শাস্তি দেওয়া হয়।"
এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, ঘটনাটি পুলিশ জেনেছে। তদন্ত করে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা
|