নাসিরনগরে ভুয়া কৃষি কর্মকর্তাকে গণধোলাই

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ণ
নাসিরনগরে ভুয়া কৃষি কর্মকর্তাকে গণধোলাই

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা কৃষি কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে কৃষকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার সময় এক প্রতারককে আটক করেছে ক্ষুব্ধ জনতা। পরে গণধোলাই দিয়ে তাকে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে পুলিশে সোপর্দ করা হয়।

আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ফুলপুর গ্রামে প্রতারণাকালে তাকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম মোঃ রাব্বি (২৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মেড্ডা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী কৃষকরা জানান, রাব্বি দীর্ঘদিন ধরে নিজেকে উপসহকারী কৃষি কর্মকর্তা পরিচয়ে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতেন। সরকারি সহায়তায় সার, উন্নত জাতের বীজ ও সেচ পাম্প (মটর) পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে তিনি সহজ-সরল কৃষকদের থেকে 'অফিস ফি' বাবদ ৩০০ টাকা এবং সেচ মটরের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছিলেন।

বুধবার দুপুরে ফুলপুর গ্রামে একইভাবে টাকা দাবি করতে গেলে তার কথাবার্তা ও আচার-আচরণে সন্দেহ হয় স্থানীয়দের। পরে জিজ্ঞাসাবাদে ভুয়া পরিচয়ের কথা স্বীকার করলে ক্ষুব্ধ জনতা তাকে উত্তম-মধ্যম দিয়ে আটকে রাখে। পরবর্তীতে তাকে নাসিরনগর উপজেলা কৃষি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, আটককৃত ভুয়া কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় মামলা দায়েরসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে সরকারি কোনো সেবার জন্য মধ্যস্বত্বভোগী বা ভুয়া ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন না করতে সব কৃষককে সতর্ক করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন