ডোমারের ভোগডাবুড়ী ইউপি পরিদর্শনে নবনিযুক্ত জেলা প্রশাসক হুমায়ূন কবির

প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ণ
ডোমারের ভোগডাবুড়ী ইউপি পরিদর্শনে নবনিযুক্ত জেলা প্রশাসক হুমায়ূন কবির
domar-nilphamari-dc-humayun-kabir-visits-bhogdaburi-union-parishad

মোঃ মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার জনগুরুত্বপূর্ণ ১ নম্বর ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ আনুষ্ঠানিকভাবে পরিদর্শন করেছেন জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির। পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের সার্বিক প্রশাসনিক কার্যক্রম, দাপ্তরিক কর্মপদ্ধতি, নথিপত্র রক্ষণাবেক্ষণ এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে নিবিড় খোঁজখবর নেন। এ সময় তিনি সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সকাল ১০টার দিকে জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির ডোমার উপজেলার উক্ত ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে এসে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার প্রদান করেন ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম। এ সময় ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত সদস্যবৃন্দ, সংরক্ষিত নারী ইউপি সদস্যগণ, গ্রাম পুলিশ এবং পরিষদের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ প্রদানসহ সাধারণ মানুষকে সেবা দেওয়ার সামগ্রিক পদ্ধতি সরাসরি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পরিষদের প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা ও সেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও সচিবসহ অন্যান্য কর্মচারীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। স্থানীয় তৃণমূল পর্যায়ে সরকারি সেবা কার্যক্রমের সঠিক বাস্তবায়ন ও বাস্তব চিত্র সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।

বিশেষ করে বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক সামাজিক সুরক্ষামূলক কর্মসূচি—‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের সহায়তার ‘কৃষি কার্ড’ সংক্রান্ত কার্যক্রমগুলো কীভাবে সঠিকভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন জেলা প্রশাসক। এসব কার্ড প্রদায়নে যেন কোনো ধরনের অনিয়ম না হয় এবং প্রকৃত ও প্রান্তিক ভোগী মানুষেরাই যাতে এর সুফল ভোগ করতে পারেন, সে বিষয়ে তিনি কড়া নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির গণমাধ্যমকে জানান, নিয়মিত প্রশাসনিক পরিদর্শন কার্যক্রমের একটি অংশ হিসেবেই তিনি ডোমার উপজেলার এই ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে সরকারি সেবার প্রকৃত চিত্র সরাসরি পর্যবেক্ষণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক উন্নয়ন কর্মসূচি তদারকির ক্ষেত্রে এ ধরনের মাঠপর্যায়ের পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।