কাটেনি ভবদহের জলাবদ্ধতা, ভোগান্তিতে লাখো মানুষ

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ণ
কাটেনি ভবদহের জলাবদ্ধতা, ভোগান্তিতে লাখো মানুষ

আব্দুল্লাহ আল মামুন, বিশেষ উপজেলা প্রতিনিধি (যশোর): বর্ষা এলেই আতঙ্ক নেমে আসে যশোরের ভবদহ অঞ্চলের মানুষের জীবনে। দীর্ঘদিনের স্থায়ী জলাবদ্ধতার অবসান ঘটাতে নদী পুনঃখননে প্রায় ১৪০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হলেও তার কোনো সুফল পাননি এলাকাবাসী। টানা বর্ষণ ও নিম্নচাপের প্রভাবে আবারও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ।

সরেজমিনে দেখা গেছে, যশোরের অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলার অন্তত ৫০টি গ্রাম নতুন করে পানিতে তলিয়ে গেছে। তলিয়ে গেছে হাজার হাজার মাছের ঘের, পুকুর, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামীণ সড়ক।

পানির নিচে পথঘাট তলিয়ে যাওয়ায় অনেক পরিবার বাঁশের সাঁকো ও ছোট নৌকার ওপর নির্ভর করছে। তলিয়ে গেছে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও ভবনের নিচতলা, ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। একই সঙ্গে দেখা দিয়েছে তীব্র খাদ্য ও গবাদিপশুর খাবারের সংকট। পচা ও দূষিত পানির কারণে ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ, বাড়ছে বিষাক্ত সাপ ও পোকামাকড়ের উপদ্রব।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, ভবদহের জলাবদ্ধতা নিরসনে ২০২৫ সালের অক্টোবরে প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে নদী ও খাল পুনঃখনন প্রকল্প শুরু হয়, যা চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা ছিল। তবে স্থানীয়দের মতে, কোটি কোটি টাকার প্রকল্প সত্ত্বেও বাস্তবে টেকসই কোনো পরিবর্তন আসেনি।

ভুক্তভোগীদের দাবি, শুধু খনন দিয়ে ভবদহ সমস্যার সমাধান সম্ভব নয়। কার্যকর টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) বাস্তবায়ন ও নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার মাধ্যমেই কেবল এ অঞ্চলের স্থায়ী মুক্তি মিলতে পারে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন