মধ্যনগর সীমান্তে ভারতীয় গরু জব্দ
এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৮টি ভারতীয় গরু ও একটি স্টিলবডি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) ভোররাতে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা এলাকায় অভিযান চালিয়ে এসব গবাদিপশু উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা দ্রুত সটে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি-২৮ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে আনা গরুগুলো একটি স্টিলবডি নৌকায় করে দেশের অভ্যন্তরে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাঙালভিটা বিওপির বিজিবি সদস্যরা বাকাতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নৌকাসহ ২৮টি মাঝারি আকারের গরু জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৩০ হাজার টাকা। সীমান্ত অতিক্রম করে গরুগুলো দেশের বিভিন্ন হাটে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত গরু ও নৌকা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদিপশু কিংবা অন্য কোনো পণ্য প্রবেশ রুখতে বিজিবির টহল ও কড়া নজরদারি অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা
|