উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা কমান্ডার নিহত
ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডার নিহত হয়েছেন।
নিহত সন্ত্রাসীর নাম মো. জুবায়ের (৩৪)। তিনি উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টের রহমত উল্লাহর ছেলে এবং উক্ত সংগঠনের একজন পরিচিত কমান্ডার বলে জানা গেছে।
গতকাল বুধবার (২৯ জুলাই ২০২৬) দিবাগত রাতে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টের ব্লক এইচ/২৯ এলাকায় এ ঘটনা ঘটে।
উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুবায়ের নিজ বসতঘর থেকে মসজিদের দিকে যাওয়ার পথে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাঁর ওপর অতর্কিত প্রায় ৫ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসও সংগঠনের মধ্যকার দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ইরানী পাহাড় পুলিশ ফাঁড়ির দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান চলছে।
এআইএল/সকালবেলা