ডিমলার শহীদ জিয়াউর রহমান কলেজে ভবনের উদ্বোধন

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ণ
ডিমলার শহীদ জিয়াউর রহমান কলেজে ভবনের উদ্বোধন

মোঃ মাইনুল হক, নীলফামারী: দীর্ঘ ১৭ বছর উন্নয়নবঞ্চিত থাকার পর অবশেষে নীলফামারীর ডিমলা উপজেলার শহীদ জিয়াউর রহমান কলেজে চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন ভবনটির শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণ হওয়ায় বিগত ১৭ বছর ধরে কলেজটি অবকাঠামোগত উন্নয়ন ও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। ফলে দীর্ঘ দিন ধরে শ্রেণিকক্ষ সংকটসহ চরম ভোগান্ত পোহাতে হয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের। নবনির্মিত ভবনটি চালু হওয়ায় শ্রেণিকক্ষ সংকট কাটার পাশাপাশি শিক্ষার মানসম্মত পরিবেশ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম এবং প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন