তারেক রহমানের আগমন ঘিরে নরসিংদীতে স্বেচ্ছাসেবক দলের শোডাউন

তারেক রহমানের আগমন ঘিরে নরসিংদীতে স্বেচ্ছাসেবক দলের শোডাউন

সুরুজ মিয়া, শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নরসিংদী আগমন ও নির্বাচনী পথসভাকে ঘিরে নরসিংদীতে এক বিশাল গণজাগরণ সৃষ্টি হয়েছে। এই কর্মসূচি সফল করতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এক বিশাল মিছিল নিয়ে পথসভাস্থলে যোগদান করা হয়।

নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নরসিংদী পৌর পার্ক এলাকায় আয়োজিত এই নির্বাচনী পথসভাকে কেন্দ্র করে দুপুর থেকেই নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মোল্লা ও সদস্য সচিব আবিদ হাসান জজ মিয়ার নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন।

মিছিলে অন্যান্যের মধ্যে নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রহমতুল্লাহ রিকাবদার, যুগ্ম আহ্বায়ক শেখ জাকারিয়া ও জুবায়ের ভূঁইয়া। নেতাকর্মীদের হাতে ছিল তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন এবং ধানের শীষের প্রতিকৃতি। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শিবপুর ও নরসিংদী পৌর এলাকার রাজপথ।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মোল্লা জানান, "আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের আগমন আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। শিবপুরের স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধভাবে এই সমাবেশ সফল করতে কাজ করছে। আমরা বিশ্বাস করি, এই জনসমুদ্রই প্রমাণ করে মানুষ গণতন্ত্রের পক্ষে এবং বিএনপির নেতৃত্বের ওপর আস্থাশীল।"

বিশাল এই মিছিলটি যখন নরসিংদী পৌর পার্কের প্রধান প্যান্ডেলে পৌঁছায়, তখন সেখানে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিবপুর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও এই বিশাল শোডাউনে সংহতি প্রকাশ করেন। পথসভায় তারেক রহমানের দিকনির্দেশনামূলক বক্তব্য শুনতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢল নামে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন