সীমান্তে আরাকান আর্মির তিন সদস্য আটক

সীমান্তে আরাকান আর্মির তিন সদস্য আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তিন সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে সোমবার সন্ধ্যায় বিজিবি সদস্যরা তাদের আটক করেন বলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা নিশ্চিত করেছেন।

ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, “বিজিবি সদস্যরা তাদের আটক করার পর পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটক ব্যক্তিদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রাও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দিয়েছে।” আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “সোমবার সন্ধ্যায় ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে শুনেছি।” 

বিজিবির বরাতে তিনি আরও জানান, সীমান্ত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ রোধে টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমকে মোবাইল ফোনে কল করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন