হযরত শাহ সুলতান বলখীর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

হযরত শাহ সুলতান বলখীর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে অবস্থিত প্রখ্যাত সুফি সাধক ও ইসলাম প্রচারক হযরত শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার শরীফ জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দুপুরে তিনি মহাস্থানগড়ে পৌঁছে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাজার জিয়ারত করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

জিয়ারতকালে তারেক রহমান মাজার প্রাঙ্গণে কিছুক্ষণ অবস্থান করেন। সেখানে তিনি দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। মাজারে পৌঁছালে খাদেমরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী মীর শাহ আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে মাজার এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় জমে এবং পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দলীয় সূত্র জানিয়েছে, উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবেই তারেক রহমান মহাস্থানগড়ে এসেছেন। এই সফরের মাধ্যমে তিনি তৃণমূলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে মাজার জিয়ারতের মাধ্যমে তিনি জনগণের সঙ্গে একটি দৃঢ় আবেগী ও সাংস্কৃতিক সংযোগ তৈরি করছেন।

মাজার জিয়ারত শেষে তারেক রহমান স্থানীয় নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং জনগণের ঐক্যই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রধান শক্তি। জিয়ারত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ ও দলীয় স্বেচ্ছাসেবকরা কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেন।

মন্তব্য করুন