রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা: প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা

ইসমাঈল আযহার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা: প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা

সারাদেশ ডেস্ক: কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে রাঙামাটিতে পাহাড় ধসের মারাত্মক শঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গত বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা থেকে জেলা শহরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং ও ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

জেলা প্রশাসন ও রাঙামাটি পৌরসভার যৌথ উদ্যোগে পরিচালিত এই প্রচারণায় পাহাড়ে বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হচ্ছে। বিশেষ করে বৃষ্টি শুরু হওয়া মাত্রই পাহাড়ের পাদদেশে অবস্থানরত পরিবারগুলোকে দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের দেওয়া তথ্যমতে, জেলায় বর্তমানে একশোর বেশি এলাকা ধসের ঝুঁকিতে রয়েছে এবং প্রায় ৫০ হাজার মানুষ এখনও চরম ঝুঁকির মধ্যে বসবাস করছেন।

এ বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফী জানান, পাহাড় ধসে যেকোনো ধরনের প্রাণহানি বা দুর্ঘটনা এড়াতে জনসচেতনতামূলক মাইকিং জোরদার করা হয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমের আগেই এসব এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় এবং পরিস্থিতি বিবেচনায় পরিবারগুলোকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।

উল্লেখ্য, পাহাড়ি এই জনপদে ধসের ট্র্যাজেডি নতুন নয়। ২০১৭ সালের ১৩ জুন ভয়াবহ পাহাড় ধসে পাঁচ সেনাসদস্যসহ ১২০ জন প্রাণ হারিয়েছিলেন। পরবর্তীতে ২০১৮ সালে নানিয়ারচরে ১১ জন এবং ২০১৯ সালে কাপ্তাইয়ে ৩ জন পাহাড় ধসে মারা যান। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে এবার আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন