কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ট্রলার ও ড্রেজার জব্দ

কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ট্রলার ও ড্রেজার জব্দ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সালন এলাকায় মনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কুলাউড়া উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।

মৌলভীবাজার জেলা প্রশাসকের নির্দেশনা ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানকালে দেখা যায়, উপজেলার কটারকোনা ব্রিজের মাত্র এক কিলোমিটারের মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এসময় ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ট্রলার, ৫টি ড্রেজার মেশিন, ১টি টুলসহ বালতি ও ২টি ব্যাটারি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল স্থানীয় হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন