বাউফলে তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে মারধর ও হেনস্তা

বাউফলে তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে মারধর ও হেনস্তা

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে নিয়োগ সংক্রান্ত অনিয়মের তথ্য জানতে চাওয়ায় কাছিপাড়া ইউনিয়ন পরিষদের সচিব ও তার ভাইয়ের বিরুদ্ধে এক সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক রুবেল হোসেন 'দৈনিক জনতার জমিন' পত্রিকার বাউফল প্রতিনিধি এবং বাউফল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক। এই ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর মাসে কাছিপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মাহামুদুল হাসান হিরনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন পরিষদের ইউপি সদস্যরা। সম্প্রতি সদস্যদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই অবৈধ লেনদেনের মাধ্যমে একজন নতুন উদ্যোক্তা নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে ওই সচিবের বিরুদ্ধে। এই বিষয়ে বক্তব্য নিতে সাংবাদিক রুবেল হোসেন সচিবের কার্যালয়ে গেলে সেখানে উপস্থিত সচিবের ভাই মইনুল ইসলাম হঠাৎ সাংবাদিকের ভিডিও ধারণ শুরু করেন। রুবেল তাকে ভিডিও করতে বাধা দিলে সচিব ও তার ভাই ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালান। এসময় সাংবাদিক রুবেল হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তার মোবাইল ফোনটি আছাড় দিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইউপি সচিব মাহামুদুল হাসান হিরন এবং বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি। পরবর্তীতে ক্ষুদে বার্তা পাঠিয়েও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। বাউফল থানার পরিদর্শক আতিকুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সাংবাদিকের ওপর এই হামলার ঘটনায় বাউফল রিপোর্টার্স ইউনিটি ও পটুয়াখালী জেলা প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন