ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু রায়হান, রংপুর ব্যুরো: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সঠিক প্রতিফলন নিশ্চিত করতে তরুণ ও যুবকদের আবারও সংগ্রামের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কেউ যেন যুবকদের ভোট নিয়ে হেলাফেলা করতে না পারে, সেজন্য প্রয়োজনে আবারও ‘জুলাই যোদ্ধা’ হয়ে লড়াই করতে হবে এবং জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার বাড়ির উঠানে দাঁড়িয়ে এসব কথা বলেন তিনি।
তরুণ ও যুবক ভোটারদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, “তোমরা প্রস্তুত হও আগামী নির্বাচনে। তোমাদের ভোটের প্রতিফলন যেন বাস্তবে দেখা যায়। তোমরা তোমাদের পছন্দমতো ভোট দেবে, কেউ যেন তা ছিনিয়ে নিতে না পারে—এ জন্য আরেকবার লড়াই করতে হবে।” তিনি আরও যোগ করেন, “জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের যুবকরা তা পারবে। তোমরা যে অঙ্গীকার নিয়েছ, তার কাজ কেবল শুরু হয়েছে—এখনো শেষ হয়নি।”
যুবকদের ওপর আস্থা প্রকাশ করে জামায়াত আমির বলেন, “এই সমাজের চাবি ও নেতৃত্ব আমরা তোমাদের হাতেই তুলে দিতে চাই। আমরা পেছন থেকে তোমাদের শক্তি, সাহস ও ভালোবাসা দিয়ে সহযোগিতা করব। আল্লাহ আমাদের তাওফিক দিলে তোমাদের প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ।”
কবর জিয়ারত ও এই মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ