ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শ্রীপুরে মেডিকেল মোড় সড়কের বেহাল অবস্থা, ভোগান্তিতে স্থানীয়রা
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে নয়নপুর এলাকার মেডিকেল মোড় থেকে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়কের বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা, শ্রমিক ও পথচারীরা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।
বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতেই সড়কটি আরও বিপজ্জনক হয়ে ওঠে এবং অনেক সময় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে এমন অবস্থার পরও সড়ক সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে প্রতিদিন চলাচল করতে গিয়ে হাজারো মানুষ দুর্ভোগে পড়ছেন।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক থেকে মাওনা–গাজীপুর বাজার সড়কের সঙ্গে সংযোগ স্থাপনকারী এই সড়কটির ব্যবস্থাপনার দায়িত্ব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই সড়কটির আশপাশে অন্তত চারটি বড় শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন ভারী যানবাহনের পাশাপাশি হাজার হাজার শ্রমিক ও স্থানীয় মানুষ এ সড়ক ব্যবহার করেন।
এলজিইডি সূত্র আরও জানায়, সড়কটির গুরুত্ব বিবেচনায় ২০১৩ সালে এক কিলোমিটার অংশে এইচবিবি (হেরিংবোন বন্ডিং) পদ্ধতিতে উন্নয়নকাজ করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে শিল্পকারখানার পানি নিষ্কাশনের জন্য একাধিকবার খোঁড়াখুঁড়ির কারণে সড়কটি দ্রুত নষ্ট হয়ে যায়। এরপর আর কোনো সংস্কারকাজ করা হয়নি।
স্থানীয় অটোরিকশাচালক আবদুল মালেক বলেন, “বর্ষা মৌসুমে সড়কের অবস্থা এমন হয় যে অনেক সময় গাড়ি চালানোই যায় না। বর্ষা শেষে খানাখন্দের মধ্যে দিয়ে গাড়ি চালাতে হয়। তীব্র ঝাঁকুনির কারণে যাত্রীরাও উঠতে চায় না।”
রিদিশা নিটেক্স কারখানার শ্রমিক আনোয়ারা বেগম বলেন, “সড়কটিতে এত বেশি খানাখন্দ আছে যে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অনেক সময় গাড়ি উল্টে যায়। বাধ্য হয়ে আমরা হেঁটে যাতায়াত করি, এতে সময় বেশি লাগে। সড়কটি সংস্কার হলে আমাদের কষ্ট কমবে এবং সময়ও বাঁচবে।”
শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ হোসেন বলেন, “নয়নপুর বাজার থেকে মেডিকেল মোড় পর্যন্ত সড়কটির বেহাল অবস্থার বিষয়টি আমরা জানি। আপাতত এই সড়কের জন্য কোনো বরাদ্দ নেই। তবে প্রাক্কলন তৈরি করে ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হবে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।”
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ