ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব বিএনপি নেতাকর্মীর স্ত্রীরা 'দাঁড়িপাল্লা' (জামায়াতে ইসলামী) মার্কায় ভোট দিয়েছেন, তাদেরকে তালাক দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ১ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর আগে মঙ্গলবার বিকেলে লালমাই উপজেলার বাগমারা বাজারে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এই চরমপন্থী মন্তব্য করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে এমপি মোবাশ্বের আলমকে বলতে শোনা যায়, “অনেকে বলে ‘আমি কী করতাম?’ সে নাকি কথা দিয়ে ফেলেছে। তাইলে তুই হেতিরে (স্ত্রীকে) তালাক দিয়ে দে। যে বউ স্বামীর কথা শুনে না, স্বামীকে মানে না, এমন বউকে তালাক দিয়ে দে।” তিনি আরও বলেন, “দলে কিছু মোনাফিক আছে যারা বিএনপি করে কিন্তু ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়। আবার অনেক নেতার বউ ভোট দিয়েছে জামায়াতকে। যারা নির্বাচনের আগে আমার বিরোধিতা করেছে, তারাই এখন ঢাকায় গিয়ে আমার লগে সেলফি তোলে দোষ ঢাকতে চায়।”
নির্বাচনের পর নিজ দলের বিদ্রোহী ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের ওপর ক্ষোভ ঝাড়তে গিয়ে দেওয়া এই বক্তব্যকে 'ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ' এবং 'সামাজিকভাবে অবমাননাকর' হিসেবে দেখছেন নেটিজেনরা। এই বিষয়ে মন্তব্য জানতে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ