আলীকদমে শয্যাশায়ী বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার: পুত্রবধূসহ আটক ৪

আলীকদমে শয্যাশায়ী বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার: পুত্রবধূসহ আটক ৪

জমির উদ্দিন, বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলায় রহিমা বেগম (৭০) নামে এক শয্যাশায়ী বৃদ্ধার রহস্যজনক গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ১নং ওয়ার্ড শিবাতলীর ‘কানা মেম্বার ঘাট’ এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রহিমা বেগম স্থানীয় বাসিন্দা আবু তালেবের ২য় স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, “প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামী ও সতীনকে ফাঁসানোর উদ্দেশ্যে মেজো ছেলের প্রথম স্ত্রী দা দিয়ে রহিমা বেগমকে গলা কেটে হত্যা করে থাকতে পারেন।” পুলিশ সন্দেহভাজন দুই পুত্রবধূসহ মোট চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে।

স্বজনদের ধারণা, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে পরিবারের কোনো সদস্যই এই নৃশংশ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এই লোমহর্ষক হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জে.ইউ/সকালবেলা

মন্তব্য করুন