ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আমিনুল ইসলাম সিয়াম, রায়পুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাংলাবাজারে প্রতি বুধবার বসছে ঐতিহ্যবাহী গরু-ছাগলের হাট। স্বল্পমূল্যের হাসিল আর শান্তিপূর্ণ পরিবেশের কারণে বর্তমানে ক্রেতা ও বিক্রেতাদের উপচে পড়া ভিড়ে হাটটি ব্যাপক জমে উঠেছে।
এই হাটের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর নামমাত্র হাসিল। এখানে কোনো বিক্রেতা গরু বা ছাগল বিক্রি করলে মাত্র ১০০ টাকা এবং ক্রেতা ক্রয় করলে মাত্র ২০০ টাকা হাসিল নেওয়া হয়। এই সামান্য খরচে কেনাবেচার সুযোগ থাকায় সাধারণ কৃষক ও খামারিদের কাছে হাটটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
হাটের পরিবেশও বেশ মনোরম। বিশাল বটবৃক্ষের সুশীতল ছায়া আর ঠান্ডা আবহাওয়ার কারণে দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতে পারছেন। সকাল থেকেই হাটে বিভিন্ন আকারের গরু ও ছাগলের সরবরাহ এবং মানুষের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
নিরাপত্তার বিষয়ে হাট কমিটির দায়িত্বশীল মোরশেদ হাওলাদার জানান, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হাটে সার্বক্ষণিক নিজস্ব গার্ড মোতায়েন রাখা হয়েছে। এছাড়া কোনো ধরনের প্রতারণা, চুরি বা বিশৃঙ্খলা এড়াতে হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। মূলত কৃষক ও সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করেই এই হাসিল ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয়দের মতে, অন্যান্য হাটের তুলনায় এখানে খরচ অনেক কম এবং পরিবেশ অত্যন্ত ভালো। ফলে প্রতি বুধবার হায়দরগঞ্জের এই পশুর হাটটি একটি ব্যস্ত ও উৎসবমুখর বাজারে পরিণত হচ্ছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ