ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জলিলুর রহমান জনি, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের শ্যামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে। জাতীয় এই শোকের দিনে সরকারি নির্দেশনা অমান্য করে মাদ্রাসার ভেতরে কোচিং ক্লাস পরিচালনা করায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, যেখানে নিয়ম অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা, সেখানে মাদ্রাসা প্রাঙ্গণে কোনো পতাকা উত্তোলন করা হয়নি। এমনকি ভাষা শহীদদের স্মরণে কোনো বিশেষ দোয়া বা অনুষ্ঠানের আয়োজনও ছিল না প্রতিষ্ঠানটিতে।
স্থানীয়রা অভিযোগ করেন, মাদ্রাসার শিক্ষক আশরাফুল সরকারি বন্ধের দিন হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের নিয়ে অবৈধভাবে কোচিং ক্লাস পরিচালনা করছিলেন। জাতীয় দিবসকে তোয়াক্কা না করে ব্যবসায়িক উদ্দেশ্যে মাদ্রাসা ভবন ব্যবহার করায় অভিভাবক ও সচেতন মহল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
এ বিষয়ে মাদ্রাসার সুপার হায়দার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি এবং সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
সিরাজগঞ্জ শিক্ষা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, মহান শহীদ দিবসের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিনে সরকারি নির্দেশনা অমান্য করা এবং পতাকা উত্তোলন না করা গুরুতর অপরাধ। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন নাগরিক সমাজ দ্রুত তদন্তসাপেক্ষে দোষী শিক্ষকদের শাস্তির দাবি জানিয়েছেন।
জে.আর.জে/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ