ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো: কোরবান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতার জেরে এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ইউনিয়ন জামায়াতের দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার এবং একই ইউনিয়নের সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন। ফলাফল ঘোষণার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, ওই দিন সন্ধ্যার পর উধুনিয়া ইউনিয়নে এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায় একদল লোক। এ সময় দোকানে ব্যাপক ভাঙচুর ও মালামাল লুট করা হয়, যাতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত যুবদল নেতার পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির ও সেক্রেটারিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
নির্বাচন-পরবর্তী এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কে.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ