একুশের চেতনায় প্রজ্জ্বলিত ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট

একুশের চেতনায় প্রজ্জ্বলিত ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট

মো: হুমায়ুন কবীর, ময়মনসিংহ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহর থেকেই ক্যাম্পাস প্রাঙ্গণে একুশের শোক ও চেতনার আবহ তৈরি হয়।

রাত ১২টা ১ মিনিটে প্রতিষ্ঠান প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। প্রথমে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শওকত হোসেন-এর নেতৃত্বে শিক্ষক ও কর্মচারীবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ এবং রোভার স্কাউটসহ সাধারণ শিক্ষার্থীরা ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপস্থিত সকলে কিছুক্ষণ নীরবতা পালন করেন। এরপর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সকাল থেকেই প্রতিষ্ঠান ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাধ্যক্ষ শওকত হোসেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন: "মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ভাষা শহীদদের যে আত্মত্যাগ, তা বিশ্ব ইতিহাসে বিরল এবং জাতির জন্য চিরস্মরণীয়। এই চেতনাকে হৃদয়ে ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে।"

সমগ্র কর্মসূচি অত্যন্ত শান্ত, সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এম.এইচ.কে/সকালবেলা

মন্তব্য করুন