গজারিয়ায় সড়ক সংস্কার: স্থানীয় বাসিন্দাদের স্বস্তি প্রকাশ
মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় থাকা একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) সকাল ১১টায় বাউশিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের আওতায় পুরান বাউশিয়া ২ নম্বর ওয়ার্ডের বাউশিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে সফিকের বাড়ি পর্যন্ত ৩০০ মিটার রাস্তা সংস্কারকাজের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কারকাজের উদ্বোধন করেন বাউশিয়া ইউনিয়ন প্রশাসক মোঃ এবাদুল হক। এসময় বাউশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রশাসক সদস্য মোঃ সোবাহান প্রদান, বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মিয়াজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়ক দিয়ে প্রতিনিয়ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কেন্দ্রীয় কবরস্থান, দুটি মাদরাসা, ২৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয় ও একাধিক মসজিদের বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। এতদিন বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যাতায়াত অসম্ভব হয়ে উঠত। সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
উদ্বোধনী বক্তব্যে বাউশিয়া ইউনিয়ন প্রশাসক মোঃ এবাদুল হক বলেন, "জনসাধারণের জীবনমান উন্নয়ন ও টেকসই অবকাঠামো নির্মাণে ইউনিয়ন পরিষদ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও এলাকার যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে এই ধারা অব্যাহত থাকবে।"
এআইএল/সকালবেলা