জয়পুরহাটে ৪৮ পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

জয়পুরহাটে ৪৮ পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

গোলাম রব্বানী, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জলপাইতলী এলাকায় অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন—পাঁচবিবি থানার পশ্চিম বিরনগর (পুটারবিল) গ্রামের রইচ উদ্দিন প্রামানিকের ছেলে মো. রেজাউল করিম শরিফ (৩৫) এবং জলপাইতলী গ্রামের মো. ইসমাইল ইসলামের ছেলে মো. নাজমুল ইসলাম (৪০)।

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রেজাউল ও নাজমুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। বেশ কিছুদিন ধরে র‍্যাব-৫-এর একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। গত পরশু রাতে র‍্যাব নিশ্চিত হয় যে, আসামিরা বিক্রয়ের উদ্দেশ্যে জলপাইতলী এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তারা জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি দরে বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ বিষয়ে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসেবী ও মাদক কারবারিদের সিন্ডিকেট নির্মূল করতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সংস্থাটি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়েরের পর সংশ্লিষ্ট পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন