ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান সরদার আলী আহম্মেদ (৭৩) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২১ ফেব্রুয়ারি) জার্মানিতে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কোটচাঁদপুর বাজার পাড়ার বাসিন্দা ও সাবেক পৌর চেয়ারম্যান মৃত গোলাম হায়দার সরদারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সরদার আলী আহম্মেদ ১৯৮৫ সালে উপজেলা পরিষদ গঠনের পর কোটচাঁদপুরের প্রথম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে তিনি প্রথমে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে জাসদে যোগ দেন এবং দলটির উপজেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালের দিকে তিনি জার্মানিতে পাড়ি জমান এবং দীর্ঘ ৩২ বছর ধরে সপরিবারে সেখানেই বসবাস করছিলেন। গত জানুয়ারি মাসে তার মস্তিষ্কে একটি অস্ত্রোপচার করা হয়, এরপর থেকেই তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। তার ছোট ভাই আরিফ হোসেন সরদার ও স্ত্রী রেজমুন নাহার শিরিন জানান, বর্তমানে তার মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
মরহুম সরদার আলী আহম্মেদ কেবল রাজনীতিবিদ হিসেবেই নয়, একজন সমাজসেবক হিসেবেও এলাকায় সমাদৃত ছিলেন। কোটচাঁদপুর ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মুহাতামিম হাফেজ মাওলানা নুরুন নবী আশিকী জানান, সরদার আলী আহম্মেদ উপজেলা চেয়ারম্যান থাকাকালীন একটি পুরনো ভবন ভেঙে সেখানে নিজস্ব উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র, এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা গড়ে তুলেছিলেন। তার প্রতিষ্ঠিত এই দ্বীনি প্রতিষ্ঠান থেকে অসংখ্য মানুষ পবিত্র কোরআন শিক্ষা লাভ করেছেন। প্রবাসে থেকেও তিনি নিয়মিত এসব প্রতিষ্ঠানের খোঁজখবর নিতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান জানিয়েছেন, প্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে তার রুহের মাগফেরাত কামনায় উপজেলা মসজিদে বিশেষ দোয়া মাহফিলের ব্যবস্থা করা হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ