সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের ঘোষণা তারেক রহমানের

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের ঘোষণা তারেক রহমানের

২০ হাজার কিলোমিটার খাল খননের ঘোষণা তারেক রহমানের

বিএনপি ক্ষমতায় গেলে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকাল ১০টা থেকে নগরীর রেডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

চট্টগ্রামে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার আগে তরুণদের সঙ্গে তিনি এই মতবিনিময় করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকার প্রায় অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ শিক্ষার্থী অংশ নেন। তরুণদের ভাবনা, প্রত্যাশা ও রাষ্ট্রনীতি বিষয়ে মতামত শুনতেই এই আয়োজন বলে জানিয়েছে বিএনপি।

এক তরুণের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, চট্টগ্রাম ও ঢাকাসহ সব বড় শহরেই জলাবদ্ধতা রয়েছে। এটি কাটাতে একটি কাজ করতেই হবে—খাল খনন। বৃষ্টি হলে পানি জমে যায়, সেই পানি তো কোথাও যেতে হবে। তাই খাল খনন জরুরি। তিনি বলেন, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।

অনুষ্ঠানের শুরুতে তরুণদের উদ্দেশে তারেক রহমান বলেন, এই মুহূর্তে দেশের একটি বড় সুবিধা হলো বিপুল যুবশক্তি, যা আগামী ১৫ থেকে ২০ বছর ধরে থাকবে। এই কর্মশক্তির সুফল দেশ পেতে পারে। বাংলাদেশকে আগামী দিনে কীভাবে সাজাতে হবে, সে বিষয়ে তাদের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, শুধু সমস্যা নিয়ে কথা বললে সমাধান আসে না। অনেক সমস্যা রয়েছে, সেগুলো নিরসনে কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবে, তারা কীভাবে দেশ পরিচালনা করতে চায়—সে কথাও তিনি তরুণদের কাছ থেকে শুনতে চান।

দলীয় সূত্র জানায়, তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও রাজনৈতিক ভাবনা বিনিময়ের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এই সভার আয়োজন করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সিলেটে নির্বাচনী প্রচার যাত্রা শুরুর আগেও একই ধরনের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান।

মতবিনিময় সভা শেষে তারেক রহমান চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, সকাল সাড়ে ১১টার দিকে তিনি সেখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন