ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মানুষের পাশে দাঁড়ানোই বড় রাজনীতি: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দোষারোপের রাজনীতি করে মানুষের পেট ভরানো যায় না। মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় রাজনীতি। রাজনীতি হতে হবে দেশের সাধারণ মানুষের কল্যাণে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে যশোরের আলোচিত শিশু আফিয়ার পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান আয়োজন করে যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে জেলা বিএনপি।
তারেক রহমান বলেন, দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে এক দল মঞ্চে দাঁড়িয়ে অন্য দলের সমালোচনা ও দোষারোপ করছে। এই ধারাবাহিকতায় পরিবর্তন প্রয়োজন। বিএনপি সেই পরিবর্তনের সূচনা করেছে। রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকতে হবে মানুষের জীবনমান উন্নয়ন।
তিনি বলেন, আফিয়ার মতো অসংখ্য অসহায় পরিবার রয়েছে। বিএনপি প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে সব সময় এসব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। তবে একা এই দায়িত্ব বহন করা কঠিন। তাই সরকার গঠন করলে ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে অসহায় পরিবারগুলোর জন্য সেবা নিশ্চিত করা হবে।
বিএনপির চেয়ারম্যান আরও বলেন, কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে। শহর ও গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।
ভারি বর্ষণ বা উজান থেকে পানি ছেড়ে দেওয়ার ফলে দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প পুনরায় চালু করা হবে। শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সব সময় সাধারণ মানুষের কথা ভেবে কাজ করেছেন; সেই ধারাবাহিকতা বজায় রাখতে বিএনপি ক্ষমতায় এলে খাল খনন প্রকল্প পুনরায় বাস্তবায়ন হবে।
তিনি বলেন, নারীদের শিক্ষায় বেগম খালেদা জিয়ার নেওয়া উদ্যোগ ইতিমধ্যেই সুফল দিয়েছে। এখন সেই শিক্ষিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য বিএনপির বড় পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী। আলোচনার পর আনুষ্ঠানিকভাবে শিশু আফিয়ার পরিবারের কাছে ঘর হস্তান্তর করা হয়।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ