রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়: তারেক রহমান

রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়: তারেক রহমান

রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "আমি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। আমি আপনাদেরই সন্তান এবং আপনাদের পাশে থেকেই কাজ করতে চাই।"

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি কড়াইল বস্তিবাসীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, "বেগম খালেদা জিয়া মা-বোনদের শিক্ষার প্রসারে বিনা মূল্যে নানা উদ্যোগ নিয়েছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশবাসী বহুভাবে উপকৃত হয়েছে। আমি জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান—এই পরিচয়ের চেয়েও বড় পরিচয় হলো আমি আপনাদের সন্তান। আমি বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য রাজনীতি করি।"

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, মা-বোনদের স্বাবলম্বী করা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং কৃষকদের সহায়তায় 'ফ্যামিলি কার্ড' চালুর উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, "করাইল বস্তিবাসীর সন্তানেরা যেন বিদেশি ভাষায় কথা বলতে শেখে এবং উন্নত চিকিৎসাসেবা পায়, সেজন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এই এলাকায় ছোট ছোট ফ্ল্যাট নির্মাণ ও একটি আধুনিক ক্লিনিক স্থাপনের পরিকল্পনা রয়েছে আমাদের।"

নিজের অতীত স্মৃতিচারণা করে তারেক রহমান বলেন, "আমি একসময় ক্যান্টনমেন্ট এলাকায় থাকতাম। সেই বাড়ি যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, আমি তা ভুলে যাইনি। এসব অভিজ্ঞতা থেকেই আমি সাধারণ মানুষের কষ্ট অনুভব করি।"

বক্তব্যের শেষে তিনি মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর গণআন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন