ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নেই, ১২ ফেব্রুয়ারি চাঁদাবাজদের শেষ দিন: নাহিদ ইসলাম
ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এখনও নেই। একটি পক্ষ আমাদের কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। কিন্তু তাতে তারা সফল হচ্ছে না। চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারি।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার সাঁতারকুলের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি এলাকার সমস্যা ও সংকটগুলো তুলে ধরে সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য নয়, নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। ভোটাররাও এতে বেশ সাড়া দিচ্ছেন।
ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, যাকেই ভোট দিন, বিবেচনা করে দেবেন। কারণ এবারের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে।
তিনি বলেন, আপনারা যেন কোনো কিছুর বিনিময়ে, কোনো সুবিধার লোভে কিংবা কোনো মিথ্যা আশ্বাসে ভোট না দেন। চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন—যিনি সত্যিকার অর্থেই আপনাদের এলাকা ও দেশের পরিবর্তন করতে সক্ষম।
প্রচারণার সময় শাপলা কলিতে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। এ সময় জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ