৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী প্রার্থীকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী প্রার্থীকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী প্রার্থীকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন, রাজনীতির বিভিন্ন সমীকরণ ও আদর্শিক বহুমাত্রিক বোঝাপড়ার ভিত্তিতে দলটি ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে বাকি ৩২টি আসনে ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে আসনভিত্তিক সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেওয়া হবে।

তিনি জানান, আগামী ২০ জানুয়ারির পর নির্বাচনী প্রচারণা শুরু হলে হাতপাখা প্রতীক না থাকা ওই ৩২টি আসনে কাকে সমর্থন দেওয়া হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

গাজী আতাউর রহমান বলেন, ‘এ বিষয়ে আমরা আপাতত চিন্তা করছি না। সময় এলে প্রয়োজনীয় ঘোষণা দেওয়া হবে।’

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উল্লেখ্য, ইসলামী আন্দোলন আগে জামায়াত ও এনসিপিসহ ১১ দলের সঙ্গে নির্বাচনি সমঝোতায় ছিল। তবে পারস্পরিক বোঝাপড়ায় মতবিরোধ দেখা দেওয়ায় গত ১৫ জানুয়ারি চূড়ান্ত আসন বণ্টন সংক্রান্ত সংবাদ সম্মেলনে দলটির কোনো প্রতিনিধি অংশ নেয়নি। পরদিন ১৬ জানুয়ারি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়।

ইসলামী আন্দোলন প্রথমে ২৭২টি আসনে মনোনয়ন জমা দিয়েছিল। এর মধ্যে চারটি মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমানে ২৬৮টি আসনে দলটির প্রার্থী চূড়ান্ত রয়েছে।

মন্তব্য করুন