ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বাগেরহাটে মামুনুল হক ও এমএ সালামসহ ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
বাগেরহাট: মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে (২০ জানুয়ারি) বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী ও ১০ দলীয় জোটের অন্তর্ভুক্ত বিভিন্ন দলের ৬ প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশেষ করে বাগেরহাট-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হক মনোনয়ন প্রত্যাহার করেছেন, যা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, খেলাফত মজলিসের মাওলানা রমিজ উদ্দিন এবং বালী নাসের ইকবাল মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া বাগেরহাট-৩ আসনে এনসিপির মোল্লা মো. রহমাতুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো. জুলফিকার হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তবে বাগেরহাট-৪ আসনে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি।
প্রার্থীরা জানিয়েছেন, ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং জোট মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন। স্বতন্ত্র প্রার্থী এমএ সালামও দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
মনোনয়ন প্রত্যাহারের পর বাগেরহাটের চারটি আসনে এখন মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসনভিত্তিক প্রার্থীদের তালিকা নিচে দেওয়া হলো:
বাগেরহাট-১: এই আসনে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন— বিএনপির কোপিল কৃষ্ণ মন্ডল, স্বতন্ত্র এমএ এইচ সেলিম, জেলা বিএনপির মো. মাসুদ রানা, জামায়াতের মাওলানা মশিউর রহমান খান (১০ দলীয় জোট), বাংলাদেশ মুসলিম লীগের আবু সবুর শেখ, এবি পার্টির মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় পার্টি-জেপির স ম গোলাম সরোয়ার এবং মুসলিম লীগের এমডি শামসুল হক।
বাগেরহাট-২: প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ জন। তাঁরা হলেন— বিএনপির ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, স্বতন্ত্র এমএ এইচ সেলিম, জামায়াতের শেখ মঞ্জুরুল হক রাহাদ (১০ দলীয় জোট) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডভোকেট আতিয়ার রহমান।
বাগেরহাট-৩: এই আসনের ৫ প্রার্থী হলেন— বিএনপির ড. শেখ ফরিদুল ইসলাম, স্বতন্ত্র এমএ এইচ সেলিম, জামায়াতের অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ (১০ দলীয় জোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের জিল্লুর রহমান এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মো. হাবিবুর রহমান মাস্টার।
বাগেরহাট-৪: এ আসনে ৬ প্রার্থী বহাল রয়েছেন। তাঁরা হলেন— বিএনপির সোমনাথ দে, স্বতন্ত্র কাজী খায়রুজ্জামান শিপন, জামায়াতের অধ্যক্ষ আব্দুল আলিম (১০ দলীয় জোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের ওমর ফারুক, জেএসডির মো. আ. লতিফ খান এবং জাতীয় পার্টি-জেপির সাজন কুমার মিস্ত্রি।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ