আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচী চূড়ান্ত

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ণ
আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচী চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক: আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে নাম লেখানো মেসিদের পরবর্তী ধাপের লড়াইয়ের ভেন্যু ও সময়সূচী চূড়ান্ত করেছে ফিফা।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে গড়াবে আর্জেন্টিনার রাউন্ড অব ৩২-এর ম্যাচটি। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে। উল্লেখ্য, এই স্টেডিয়ামটি ইন্টার মায়ামির সাবেক হোম ভেন্যু হওয়ায় মেসি এবং রদ্রিগো ডি পলের কাছে জায়গাটি বেশ পরিচিত।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ সেরা হওয়ার সুবাদে আর্জেন্টিনা মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের। তবে এখনো নিশ্চিত নয় মেসিরা কাদের বিপক্ষে খেলবেন। ‘এইচ’ গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব।

গ্রুপের শেষ রাউন্ডে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে মুখোমুখি হবে। একই সঙ্গে সৌদি আরব লড়বে কেপ ভার্দের বিপক্ষে। এই দুই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে 'এইচ' গ্রুপের রানার্সআপ হিসেবে কে আর্জেন্টিনার সঙ্গী হবে।

গ্রুপ পর্বের বাধা সাফল্যের সঙ্গে পার করার পর নকআউট পর্বের এই লড়াইয়ের দিকে এখন তাকিয়ে রয়েছে বিশ্বজুড়ে কোটি কোটি আর্জেন্টিনা সমর্থক।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন