জামায়াত-আওয়ামী লীগের পুরোনো প্রেম আবার জেগে উঠেছে: রাশেদ খাঁন
বিশেষ প্রতিনিধি: জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের মধ্যে অতীতে যে রাজনৈতিক সমঝোতা ছিল, বর্তমান পরিস্থিতিতে তারই পুনরাবৃত্তি বা পুরোনো প্রেম আবারও জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াত ও আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। তাদের দুই দলের রাজনৈতিক আঁতাত ও সম্পর্কের অতীত নজিরের পুনরাবৃত্তি এখন স্পষ্ট হয়ে উঠছে।
নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ধরে তিনি বলেন, জাতীয় নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা ইঞ্জিনিয়ারিং হয়ে থাকলে তা জামায়াতে ইসলামী ও এনসিপির পক্ষেই হয়েছে। সাধারণ মানুষ বিশ্বাস করে না যে তারা জনগণের প্রকৃত ভোটে জয়ী হয়ে সংসদে গেছেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলগুলোর ভূমিকা নিয়ে জনগণ সচেতন রয়েছে এবং আগামী রাজনীতির হিসাব-নিকাশে এসব বিষয় প্রাধান্য পাবে।
এআইএল/সকালবেলা