৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ণ
৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে আনা বাইসাইকেলের নমুনা নিজে চালিয়ে পরীক্ষা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশের মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের উদ্দেশ্যে আনা এসব বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এই উপহারের গুণগত মান ও ব্যবহারিক উপযোগিতা সরেজমিনে যাচাই করতেই তিনি নিজে সাইকেলগুলো চালিয়ে দেখেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে বিভিন্ন মডেলের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়। এ কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট তিন লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

নারী শিক্ষায় উৎসাহ জোগানো এবং মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় থেকে ছাত্রীদের ঝরে পড়ার হার কমিয়ে আনতেই সরকার এ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

বাইসাইকেল পরিদর্শনের সময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এআইএল/সকালবেলা