শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী

শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও বাস্তবমুখী করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ইউজিসি আয়োজিত ‘Transforming Higher Education in Bangladesh: Roadmap to Sustainable Excellence’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণা ও উদ্ভাবনের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমাদের অবস্থান এখনো প্রত্যাশিত উচ্চতায় পৌঁছাতে পারেনি। র‍্যাঙ্কিংয়ের ক্ষেত্রে গবেষণা ও প্রকাশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সাবেক শিক্ষার্থীদের (এলামনাই) সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “শিক্ষার্থীরা হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ আর এলামনাইরা হলো তার মেরুদণ্ড।” বিশ্বের উন্নত দেশগুলোর উদাহরণ টেনে তিনি দেশে-বিদেশে প্রতিষ্ঠিত এলামনাইদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা খাতে পৃষ্ঠপোষকতা করার অনুরোধ জানান।

অধ্যাপক মামুনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। দিনব্যাপী এই কর্মশালায় পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, বুয়েটের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খান।

জান্নাত/সকালবেলা