নিজের ফাঁসি চাইলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে পোস্ট দিয়ে নিজের ‘ফাঁসি’ চেয়েছেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য (এমপি) মোবাশ্বের আলম ভূঁইয়া। তাঁর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
রোববার (১০ মে) তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই স্ট্যাটাস দেন।
গত শুক্রবার (৮ মে) নাঙ্গলকোট উপজেলায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিতর্কিত মন্তব্য করেন এমপি মোবাশ্বের। সভায় তিনি বলেন, “আমি আপনাদের সহযোগিতায় এমপি হইনি। গত ১৭ বছর আপনাদের কাউকে নাঙ্গলকোট নিয়ে একটি সংবাদ করতে দেখিনি। আমার ৫৮ মাস ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে।”
একই সভায় তিনি নাঙ্গলকোট প্রেস ক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লাকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ক্ষমা চাইতে বলেন এবং সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। এই ঘটনার ভিডিও ভাইরাল হলে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
একটি সংবাদপত্রের কাটিং যুক্ত করে ফেসবুকে মোবাশ্বের আলম ভূঁইয়া লেখেন, “আমার ফাঁসি চাই, এই নিউজ মনোযোগ দিয়ে পড়েন কোন শব্দের জন্য আমার ফাঁসি হওয়া উচিত বলে মনে করেন? কি ছিল এই বৈঠকের উদ্দেশ্য? এই বৈঠকে যাহা বলেছি যে উদ্যোগ নিয়েছি সব বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আমার নির্বাচনী এলাকাকে চাঁদাবাজ মুক্ত করব। সঠিক গণমাধ্যম কর্মী চিহ্নিত করে তাদের প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত করব হলুদ সাংবাদিকতা বন্ধ করব।”
এ বিষয়ে সোমবার (১১ মে) সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, “নাঙ্গলকোটে সাংবাদিকদের তিনটি গ্রুপ রয়েছে। আমি চেয়েছি পেশাদার সাংবাদিকদের নিয়ে একটি কমিটি গঠন করতে যাতে সবাই অন্তর্ভুক্ত হয়। কিন্তু তারা আমার কথার ভুল ব্যাখ্যা করে উল্টো আমার বিরুদ্ধে নিউজ করেছে।” ফ্যাসিস্টের বিষয়ে নিজের অবস্থানে অনড় থেকে তিনি বলেন, যার বিরুদ্ধে প্রমাণ আছে তাকে তিনি ফ্যাসিস্ট বলবেনই।
এদিকে এমপির এমন আচরণ ও হুমকিতে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
|