আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন : নাসীরুদ্দীন পাটওয়ারী

আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। বুধবার (১৮ মার্চ) ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই নতুন রাজনৈতিক ও আত্মিক পথচলার কথা জানান। নাসিরুদ্দীন পাটওয়ারী লেখেন, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, সরকারের মন্ত্রী-এমপি এবং প্রিয় সহযোদ্ধাদের সঙ্গে তার বেশ কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছে। তাদের সবার কাছ থেকেই তিনি একটি সুন্দর ও দিকনির্দেশনামূলক পরামর্শ পেয়েছেন, যা হলো ব্যক্তিগত আক্রমণ পরিহার করে গঠনমূলক আলোচনায় মনোনিবেশ করা।

ফেসবুক পোস্টে এনসিপি নেতা আরও উল্লেখ করেন, তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে সেই গুরুত্বপূর্ণ পরামর্শগুলো গ্রহণ করেছেন এবং আগামীতে আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করবেন। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে তার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন নাসিরুদ্দীন পাটওয়ারী। শুভাকাঙ্ক্ষীদের দোয়া, ভালোবাসা ও পরামর্শকে নিজের পথচলার মূল শক্তি হিসেবে অভিহিত করেন তিনি।

এই নতুন যাত্রার সূচনার বিষয়ে এনসিপির এই শীর্ষ নেতা জানান, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ধানমণ্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইল আদায়ের মাধ্যমে তিনি এই আত্মিক পরিবর্তনের এক নীরব সূচনা করেছেন। আল্লাহ যেন সবাইকে ক্ষমা করেন এবং সঠিক পথে পরিচালিত করেন—এমন প্রার্থনাও করেন তিনি। তার এই ইতিবাচক পরিবর্তনের ঘোষণা রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি করেছে এবং অনেকেই একে সুস্থ ধারার রাজনীতির চর্চা হিসেবে দেখছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন