হাসনাত-সারজিসের ভূমিকা নিয়ে রাশেদ খানের বিস্ফোরক তথ্য

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
হাসনাত-সারজিসের ভূমিকা নিয়ে রাশেদ খানের বিস্ফোরক তথ্য

জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলমের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি দাবি করেন, হাসনাত ও সারজিস আন্দোলনের এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়িতে চড়ে বঙ্গভবনে যাচ্ছিলেন এবং তারা গণ-অভ্যুত্থানের চেয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে কেবল কোটা সংস্কার চেয়েছেন। রাশেদ খানের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

টক শোতে রাশেদ খান বর্তমান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আসিফ মাহমুদের লেখা একটি বইয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, ওই বইটিতে হাসনাত আব্দুল্লাহর ‘নেতিবাচক’ ভূমিকার কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। তিনি দাবি করেন, হাসনাত ও সারজিস যখন সেনাবাহিনীর গাড়িতে করে বঙ্গভবনের দিকে যাচ্ছিলেন, তখন অন্য নেতারা তাদের হুঁশিয়ারি দিয়েছিলেন যে, গাড়ি থেকে নেমে জনগণের কাছে না আসলে তাদের ‘জাতীয় বেইমান’ হিসেবে আখ্যায়িত করা হবে। রাশেদ খান আরও বলেন, হাসনাত ও সারজিস সবসময় চেয়েছেন আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকুক; তারা চেয়েছেন কেবল কোটা সংস্কার হোক, কিন্তু সরকার পতন বা গণ-অভ্যুত্থান হোক তা তাদের কাম্য ছিল না।

বিএনপি নেতা রাশেদ খান তার বক্তব্যে ১৯ জুলাইয়ের প্রসঙ্গ টেনে আনেন এবং বলেন, সেদিন তারা মন্ত্রীদের সঙ্গে সংলাপ করে এসেছিলেন যা আন্দোলনের স্পিরিটের পরিপন্থী ছিল। তিনি মনে করেন, জুলাই গণ-অভ্যুত্থানে নিজেদের এই ‘দুর্বলতা’ বা বিতর্কিত ভূমিকা ঢাকার জন্যই হাসনাত আব্দুল্লাহ পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে অতি-সক্রিয় হয়ে ওঠেন। এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) ভেতরেও তাদের নিয়ে নানাবিধ গুঞ্জন ছিল বলে দাবি করেন এই নেতা। তবে বর্তমানে রাজনীতির মেরুকরণে সেই গুঞ্জনগুলো এখন আর প্রকাশ্যে নেই বলে তিনি মন্তব্য করেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন