সব অরাজনৈতিক অপকৌশল ব্যবহার করছে জামায়াত-শিবির: ছাত্রদল সভাপতি
অনলাইন ডেস্ক: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গড়ে ওঠা ছাত্র সংগঠনগুলোর ঐতিহাসিক ঐক্য বিনষ্ট করতে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ধারাবাহিক অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি দাবি করেছেন, ৫ আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার, চরিত্র হরণ ও মব সংস্কৃতির মতো এমন কোনো অরাজনৈতিক অপকৌশল নেই যা জামায়াত-শিবির বাদ রেখেছে।
গতকাল সোমবার (১৮ মে) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে ছাত্রদল সভাপতি এই গুরুতর অভিযোগ তোলেন। তিনি লেখেন, বিগত দেড় বছর ধরে শিবিরের উসকানির বিপরীতে ছাত্রদল সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছে। বিএনপি সরকার গঠনের পর দেশের কোথাও ছাত্রদলের নেতা-কর্মীদের দ্বারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মব সৃষ্টি বা বিরোধী পক্ষকে নাজেহাল করার ঘটনা ঘটেনি। অথচ ছাত্র শিবির গুটি কয়েক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতা-কর্মীদের নিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে।
তিনি তার ওই পোস্টে বলেন, জুলাই-আগস্টের স্পিরিটকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের ক্ষেত্র প্রস্তুত করতে শিবিরের নেতা-কর্মীরা যদি আবারও ‘গুপ্ত রূপ’ ধারণ করেন, তবে ছাত্রদল অগ্রাধিকার ভিত্তিতে সর্বপ্রথম তাদের উচিত শিক্ষা দেবে। ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং নিরাপদ পরিবেশ বিনির্মাণে ছাত্রদল সচেষ্ট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
|