ট্রাম্প-এরদোয়ান ফোনালাপ, কথা হল যেসব বিষয়ে
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে এক গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) দুই শীর্ষ নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, সিরিয়া, ন্যাটো এবং ইরানের যুদ্ধবিরতি ইস্যু নিয়ে কথা বলেন।
তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানায়, ইরানের যুদ্ধবিরতি বাড়ানোর পদক্ষেপকে ‘ইতিবাচক অগ্রগতি’ হিসেবে দেখছেন এরদোয়ান। তিনি মনে করেন, যেকোনো বিরোধেরই যুক্তিসঙ্গত সমাধান সম্ভব। সিরিয়ায় স্থায়ী স্থিতিশীলতা আনা পুরো অঞ্চলের জন্যই বড় অর্জন উল্লেখ করে তিনি জানান, সংঘাত মোকাবিলায় তুরস্ক সবসময় গঠনমূলক উদ্যোগের পাশে থাকবে। এছাড়া লেবানন পরিস্থিতির অবনতি রোধ এবং আঙ্কারায় আগামী ন্যাটো সম্মেলনের সফল প্রস্তুতি নিয়েও কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট।
ফোনালাপ শেষে মেরিল্যান্ডে সাংবাদিকদের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প। এরদোয়ানের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "তিনি একজন দৃঢ়চেতা নেতা। তাঁর সঙ্গে আমার এমন চমৎকার সম্পর্ক আছে, যা অন্য কারও সাথে নেই। তিনি আসলে ভালো কাজ করেছেন, যদিও কেউ কেউ এ নিয়ে সন্দেহ করতে পারে।"
|