ইরানে হামলার ব্যাপারে বেশ জোরালোভাবে ভাবছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় চরম অচলাবস্থা তৈরি হওয়ায় দেশটির ওপর আবারও সামরিক হামলা চালানোর ব্যাপারে বেশ জোরালোভাবে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১২ মে) একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।
সূত্রগুলো বলছে, গত কয়েক সপ্তাহের তুলনায় বর্তমানে ট্রাম্পকে হামলার ব্যাপারে অনেক বেশি ‘সিরিয়াস’ মনে হচ্ছে। ইরান যেভাবে আলোচনা দীর্ঘায়িত করছে তাতে ট্রাম্প প্রচণ্ড হতাশ। বিশেষ করে ইরান কর্তৃক গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ বন্ধ রাখার ঘটনায় তিনি অধৈর্য হয়ে পড়েছেন। ট্রাম্পের ধারণা, ইরানি নেতৃত্বের অভ্যন্তরীণ বিভাজনের কারণে তারা পরমাণু বা শান্তি আলোচনার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের একটি অংশ মনে করছে, হামলা চালিয়ে ইরানকে আরও দুর্বল করলে তারা দ্রুত আলোচনার টেবিলে বসতে বাধ্য হবে। তবে অন্য একটি পক্ষ মনে করছে, সামরিক পদক্ষেপের বদলে কূটনীতিকে আরও কিছুটা সময় দেওয়া উচিত।
শান্তি আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতা নিয়েও প্রশ্ন তুলেছে হোয়াইট হাউসের কিছু কর্মকর্তা। তাঁদের মতে, ইরান প্রকৃত অর্থে আলোচনা চায় কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, পাকিস্তান ইরানের ইতিবাচক দিকগুলোই কেবল যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরছে, যা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।
মধ্যপ্রাচ্যের একজন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান আলোচনার গতি নিয়ে ট্রাম্প যে মোটেই সন্তুষ্ট নন, তা পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাধ্যমে তেহরানকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। তাঁরা সতর্ক করেছেন যে, এটিই কূটনীতির শেষ সুযোগ। তবে ইরান এই সতর্কবার্তাকে এখনো গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
|