রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন ঘোষ
সকালবেলা অনলাইন: ভারতের পশ্চিমবঙ্গের অত্যন্ত আলোচিত ও বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলা টেলিভিশন চ্যানেল থেকে পদত্যাগ করেছেন। বুধবার (৫ আগস্ট) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন লেখেন, "হ্যাঁ, ঠিকই শুনেছেন। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালেই রিপাবলিক বাংলা সংবাদে আমার শেষ দিন ছিল।" তবে ঠিক কী কারণে তিনি হঠাৎ পদত্যাগ করলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো কারণ দর্শাননি।
পদত্যাগের কারণ প্রসঙ্গে তিনি লেখেন, "কেন বা কী কারণে—সেটি বলার দিন আজ নয়। আজ শুধু এই ঘোষণাটুকুই করছি। টেলিভিশনের স্টুডিওতে এতদিন নির্ভয়ে নিজের বক্তব্য তুলে ধরেছি। এরপর কী হবে? জগন্নাথই জানেন। তিনিই পথ দেখাবেন। কবে থেকে নতুন পথচলা শুরু হবে, সময়ই তা বলবে।"
সিদ্ধান্তটি হঠকারী নয় উল্লেখ করে তিনি আরও জানান, "সিদ্ধান্তটা হঠাৎ নয়। মনস্থির করেছিলাম সেই ২০২৫ সালে। আমার কাজ কি? গণজ্ঞাপন করা। রাষ্ট্রবাদের হয়ে, হিন্দুত্ববাদের হয়ে জাগরণ। দেশবিরোধী ন্যারেটিভ আটকে দেওয়া। কাল আরও বিস্তারিত লিখব।"
উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর, রিপাবলিক বাংলায় বাংলাদেশ ও ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে ময়ূখ রঞ্জনের বিভিন্ন মন্তব্য এবং টক শো ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। বিশেষ করে, বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে তাঁর আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি করেছিল।
এআইএল/সকালবেলা
|