চুক্তির খসড়ায় কী আছে জানাল ইরান

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ণ
চুক্তির খসড়ায় কী আছে জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালির কাছে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য সমঝোতা চুক্তির খসড়ার বিস্তারিত জানিয়েছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

রবিবার (১৪ জুন) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, খসড়ায় ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় রয়েছে।

তিনি জানান, প্রাথমিক সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা হবে।

খসড়ায় ইরান সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি খুলে দিতে রাজি হয়েছে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের নৌবন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার করবে, যা ৩০ দিনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা।

এছাড়া চুক্তির পর নতুন কোনো নিষেধাজ্ঞা না দেওয়ার বিষয়েও যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী পরে ইরানের ওপর থেকে মার্কিন ও জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

ইরানি কর্মকর্তা আরও জানান, ইরানের জব্দ ২৫ বিলিয়ন ডলারের সম্পদও অবমুক্ত করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনায় সহায়তার বিষয়ও খসড়ায় রয়েছে।

তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুত ব্যবস্থাপনা নিয়ে ৬০ দিনের মধ্যে আলোচনা হবে।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন