ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলনের ডাক এহুদ বারাকের

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ণ
ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলনের ডাক এহুদ বারাকের

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থী মন্ত্রিসভার বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক ‘আইন অমান্য’ আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। 

মঙ্গলবার (৭ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমান সরকারের বিতর্কিত রাজনৈতিক অবস্থানের তীব্র সমালোচনা করে দেশের শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের লক্ষ্যে এহুদ বারাক এই কঠোর আন্দোলনের ডাক দেন।

সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, “দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে বর্তমান মন্ত্রিসভার অস্বীকৃতি কেবল কোনো সাধারণ আইনি বিবাদ নয়। বরং এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সংবিধান এবং বিচার ব্যবস্থার বিরুদ্ধে সরকারের সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। এই মন্ত্রিসভার দেশ পরিচালনার কোনো ন্যূনতম যোগ্যতা ও দক্ষতা নেই।”

বারাক সতর্ক করে বলেন, সরকারের এমন একগুঁয়েমি ও আদালতের নির্দেশ অমান্য করার প্রবণতা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং ভবিষ্যৎ স্থিতিশীলতার ওপর মারাত্মক ও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এহুদ বারাকের এই আন্দোলনের ডাক এমন এক সময়ে এলো, যখন গাজা ও আঞ্চলিক যুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে সামরিক ও রাজনৈতিক ব্যর্থতার কারণে ইসরায়েলের অভ্যন্তরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নেতানিয়াহু প্রশাসনের উসকে দেওয়া যুদ্ধগুলোর কোনো ইতিবাচক ফলাফল না আসায় এবং জিম্মি মুক্ত করতে না পারায় সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি শাসনব্যবস্থা ও সাধারণ জনগণের মাঝে তীব্র দ্বন্দ্ব ও সংঘাত স্পষ্ট হয়ে উঠেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন